ইউএনওর সাথে অসদাচরণ করায় সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশ এক ইউপি চেয়ারম্যানকে আটকের ৫ ঘন্টা পর ছেড়ে দিয়েছে। আটকের ঘটনার প্রতিবাদে চেয়ারম্যান সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং ইউএনও, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে। ৫ ঘন্টা পর ইউপি চেয়ারম্যান মুচলেকায় মুক্ত হওয়ায় পরিস্থিতি শান্ত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান ও স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় দাওয়াত না পেয়ে কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বিপ্লব ইউএনও শাফিউল ইসলামের সাথে অশোভন আচরণ করেন। এ ঘটনায় ইউএনওর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে বুধবার ঢেকুরিয়া বাজার থেকে ইউপি চেয়ারম্যান বিপ্লবকে আটক করে থানায় আনা হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে ইউপি চেয়ারম্যান সমর্থকরা মেঘাই বাজারের কাছে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম, উপজেলার চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার ও ভাইস চেয়ারম্যান রেহেনা খাতুন ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা থানায় এসে আশ্রয় নেন। এ অবস্থায় র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাজনৈতিক নেতাদের সুপারিশে রাত ১০টার দিকে ইউপি চেয়ারম্যানকে মুচলেকায় ছেড়ে দেয়া হলে পরিস্থিতি শান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম জানান, আমি থানায় গিয়ে উক্ত চেয়ারম্যানকে পুলিশ হেফাজতে দেখেছি। তবে পুলিশ কার নির্দেশে তাকে আটক করেছিল তা আমার জানা নেই।
