বৃহস্পতিবার লক্ষ্মীপুর পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়-কাম-বাসভবন দখল করেছে লক্ষ্মীপুর বণিক সমিতি। এলাকাবাসী জানায়, লক্ষ্মীপুর বণিক সমিতির কার্যকরি কমিটির নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়-কাম-বাসভবনে হানা দিয়ে ওই ভবনের পশ্চিম পাশের একটি ইউনিট দখল করে নেয়। পরে কৃষি কর্মকর্তার সাইনবোর্ড সরিয়ে বণিক সমিতির সাইনবোর্ড লাগিয়ে দেয়। এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা খোরশেদ আলম জানান, এ ভবনটির মালিকানা নিয়ে জেলা পরিষদ ও কৃষি বিভাগের মধ্যে একটি আপিল মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, জেলা পরিষদ থেকে ৩০ জানুয়ারি একসনা লীজ পেয়ে উক্ত ভবনটি আমরা বণিক সমিতির কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করেছি।
