কাক খেয়েছে একটি চোখ

নান্দাইলে দু’দিন পড়েছিল মানবশিশুর মৃতদেহ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৪
দুদিন ধরে একটি মানবশিশুর মৃতদেহ পড়েছিল উগলি নামে এক বিলের ফসলি ক্ষেতে। কাক একটি চোখ খুবলে খেয়ে নেয়। তা দেখে কুকুর এসে কাকটিকে তাড়িয়ে দেয়। রাতের বেলা কি করে যেন শেয়ালের নজরের বাইরে রয়ে যায় মানবশিশুর সেই ক্ষুদে দেহটি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে জমির আইলে মাটিচাপা দিয়ে ওপরে প্লাস্টিকের বস্তা দিয়ে রাখে আব্দুল লতিফ নামে গ্রাম্য পুলিশ। খবর পেয়ে পুলিশও নড়েচড়ে বসে। ঘটনা নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারিনগর নয়াপাড়ায়। সরেজমিনে গিয়ে জানা যায়, গত বুধবার সকালে ওই উগলি বিলে বীজতলা থেকে ধানের চারা তুলছিলেন কৃষকরা। সেখানে একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখে লোকজন তা খুলে দেখেন একটি নবজাতক কন্যা শিশুর লাশ। মাদারীনগর গ্রামের স্বপন মিয়া (৩৮) ও গিয়াস উদ্দিন(৭০) জানান, শিশুটির মুখে লবণ ভর্তি ছিল। দুইদিন ধরে লোকজন এসে দেখে যাচ্ছে। বাবুল মিয়া (৩৫) বলেন, ঘটনাটি তিনি ইউপি চেয়ারম্যান ও পুলিশকে জানাতে চাইলে গ্রাম্য পুলিশের সদস্য আঃ লতিফ তাকে বাধা দেন। পরে লতিফ নিজে শিশুটির মৃতদেহ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভাই নোমানের জমির আইলে পুঁতে রাখেন। এ বিষয়ে গ্রাম্য পুলিশ আব্দুল লতিফ বলেন, মৃতদেহটি শেয়াল কুকুরে খাবে ও দুর্গন্ধ ছড়িয়ে পড়বে বলে তিনি এটি জমির আইলে মাটিচাপা দিয়ে রাখেন।