পরিবেশ আইন লংঘন করে স্থাপনা নির্মাণের অভিযোগে সেন্টমার্টিনের ২৫ প্রতিষ্ঠানকে নোটিস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম এই নোটিস জারি করেন। অভিযুক্ত ও নোটিসপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের মালিকদের আগামী ২০ ফেব্রুয়ারি কক্সবাজারে কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, সেন্টমার্টিন সরকার ঘোষিত ‘প্রতিবেশ সংকটাপন্ন এলাকার (ইসিএ) আওতাভু ক্ত। এসব এলাকায় স্থায়ী ও পাকা স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে। অথচ সরকারের পরিবেশ আইন লংঘন করে সেন্টমাটিন দ্বীপে একের পর এক পাকা ভবন গড়ে তোলা হচ্ছে। এভাবে ইতোমধ্যে শতাধিক পাকা ও স্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে জানান তিনি।
সহকারী পরিচালক জানান, নোটিসপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহকে আইন লংঘনের দায়ে জরিমানা করা হবে। এছাড়া অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদেও ব্যবস্থা নেয়া হবে। নোটিসপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘সমুদ্র বিলাস’ও রয়েছে।
