ছাত্রলীগের রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) শাখার সভাপতি রেজওয়ানুর রহমান মিরাজের ওপর হামলাকারীদের গ্রেফতার এবং ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে গতকাল শুক্রবার থেকে হাসপাতালে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ইন্টার্নী ডক্টরস অ্যাসোসিয়েশন। এছাড়া একই দাবিতে আজ শনিবার থেকে কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখা।
এদিকে হাসপাতালে ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছে রোগীরা। গত বুধবার ছাত্রলীগের রংপুর মেডিক্যাল কলেজ শাখা এবং ইন্টার্নী ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গতকাল শুক্রবার থেকে হাসপাতালে এবং আজ শনিবার থেকে কলেজে লাগাতার ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়।
ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন প্রধান বলেন, ‘পুলিশ আসামিদের গ্রেফতার করতে না পারায় এবং কলেজ কর্তৃপক্ষ তাদের ক্যাম্পাস থেকে বহিষ্কার না করায় কলেজ ও হাসপাতালে ধর্মঘট অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, গত সোমবার রাতে ডা. পিন্নু হোস্টেলের ৪৬ নম্বর কক্ষে অবস্থানরত ছাত্রলীগের রংপুর মেডিক্যাল কলেজ শাখার সভাপতি রেজওয়ানুর রহমান মিরাজের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ ব্যাপারে মিরাজ কোতয়ালী থানায় মামলা করেন।
