শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের মানবাধিকারকর্মী এবং তালেবানের গুলিতে আহত কিশোরী মালালা ইউসুফজাই। গতকাল শুক্রবার ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ সময়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
অক্টোবরের শুরুতে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। মালালার মনোনয়ন নিয়ে নরওয়ের অসলোর শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রধান ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন বলেন, মালালাকে পুরস্কার দেয়া হলে এটা শুধু মানবাধিকার ও গণতন্ত্রকেই পুরস্কৃত করা হবে না, বরং সংঘাতের বিরুদ্ধে শান্তিকে ও শিশু শিক্ষাকে পুরস্কৃত করা হবে।
নারী শিক্ষার অগ্রগতির জন্য কাজ করায় গত বছরের ৯ অক্টোবর স্কুল থেকে বাসে বাড়ি ফেরার পথে তার মাথায় গুলি করে তালেবানরা। এরপরই বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে মালালা(১৫)। আহত হওয়ার পর উন্নত চিকিত্সার জন্য তাকে লন্ডনের কুইন এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। কিছুদিন আগে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। তবে এখন তার মাথায় অস্ত্রোপচার করা হবে। তাকে নোবেল পুরস্কার দেয়ার জন্য অনলাইনে অনেকে আবেদন জানান। মনোনয়নের তালিকায় মালালা ছাড়াও বেলারুশের মানবাধিকার কর্মী বেলিয়াতস্কাইস এবং রাশিয়ার লিয়ুদমিলা অ্যালেক্সইয়েভা রয়েছে। তবে কতজন মনোনয়ন পেয়েছেন সেই বিষয়ে এখনই কিছু জানা যাবে না। কারণ নোবেল কমিটি ৫০ বছর পর্যন্ত এ তালিকা গোপন রাখে।
