খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত :হানিফ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৭
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে চাপ দিতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক হস্তক্ষেপ চেয়ে ‘ওয়াশিংটন টাইমস’ পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত খালেদা জিয়ার নিবন্ধের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ অপরাধে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, খালেদা জিয়া বিরোধীতা করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন যে একাত্তরে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলেন তাদের সমর্থন লাভের আশায় তিনি তাদের মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি বলছেন। বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, এটা আসলে আপনাদের অজ্ঞতা নাকি মিথ্যাচার? তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতার লোভে একাত্তরের মুক্তিযুদ্ধে যারা বিরোধীতা করেছিল সেই বিদেশি প্রভুদের পদলেহন করছেন। দেশের ভাবমূর্তি বিদেশের কাছে ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। দেশের মানুষ এটি কখনোই মেনে নেবে না এবং এ ষড়যন্ত্র প্রতিহত করবে। উল্লেখ্য, ওয়াশিংটন টাইমস পত্রিকায় এক নিবন্ধে বিএনপির চেয়ারপারসন লিখেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এখন হুমকির মুখে। গোটা দেশ একটি পরিবারের হাতে জিম্মি। উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেশটির সামনে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা ছিল, দুর্নীতির কারণে তা-ও ম্লান হতে বসেছে। নির্বাচনে যাতে ভোটারদের সুষ্ঠু মতামত প্রতিফলিত হয়, সেজন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো মিত্র দেশগুলোর জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ।