তুরস্কে মার্কিন দূতাবাসে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৯
তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাসে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তারক্ষীসহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। তুরস্ক গণমাধ্যমের বরাত দিয়ে ইউএসএ টুডের অনলাইন প্রতিবেদনে এ কথা জানানো হয়। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রধান ফটকের কাছে ভিসা সেকশনের প্রবেশ পথে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে এক তুর্কি নিরাপত্তারক্ষী ও হামলাকারী নিহত হয়। সিএনএন তুর্কির এক প্রতিবেদনে বলা হয়, প্রবেশ পথের এক্স-রে মেশিনের কাছে বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। ঘটনার প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, বোমা বিস্ফোরণের পর দূতাবাসের সামনে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। এ সময় ভবনের জানালাসহ বেশ কিছু অংশ ভেঙে যায়। এখন পর্যন্ত এ হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে কুর্দি বিদ্রোহী ও উগ্রপন্থিরা তুরস্কে সক্রিয়। স্বায়ত্তশাসনের দাবিতে কুর্দিরা গত কয়েক বছর ধরে এ ধরনের হামলা চালিয়ে আসছে বলে তুরস্ক সরকার দাবি করছে। তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত ফ্রান্সিস রিচিয়ারডোন ভবনের বাইরে সাংবাদিকদের বলেন, এ ঘটনার বিষয়ে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। এ ধরনের হামলার ঘটনায় দুই দেশের সম্পর্কে কোন প্রভাব পড়বে না।