দুর্নীতি তদন্ত অব্যাহত রাখবে দুদক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২০
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ না নেয়ার সরকারের সিদ্ধান্তের পরেও এ নিয়ে দুর্নীতির ষড়যন্ত্র মামলার তদন্ত কাজ অব্যাহত রাখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ প্রসঙ্গে গতকাল শুক্রবার দুদক কমিশনার মো. শাহাবুদ্দিন চপপু ইত্তেফাককে জানিয়েছেন, দুদক আদালতে যে এজাহার দাখিল করেছে তার ভিত্তিতেই ষড়যন্ত্র মামলার তদন্ত চলবে। তিনি বলেন, সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে ঋণ চুক্তি নিয়ে কি হয়েছে সেটি তাদের নিজস্ব ব্যাপার। দুদক পদ্মা সেতু দুর্নীতির অভিযোগের যে অনুসন্ধান করেছে তা ছিলো স্বতঃপ্রণোদিত। বিশ্বব্যাংক এ বিষয়ে বাংলাদেশকে বলার আগেই সংবাদপত্রের প্রতিবেদনকে আমলে নিয়ে দুদক অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে অনেকের বিরুদ্ধেই দুর্নীতির ষড়যন্ত্রে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। সেই তথ্য-প্রমাণের ভিত্তিতেই দুদক আদালতে এজাহার দাখিল করেছে। শাহাবুদ্দিন চপপু আরো বলেন, দুদক এ মামলার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করবে। অভিযোগের পুংখানুপুংখ তদন্তের পর যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। সরকার ঋণ না নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা এ তদন্তে কোন প্রভাব ফেলবে না।