ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ও বাংলা একাডেমীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে ছাত্রদল।
গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী পলাশী এলাকায় ছাত্রদল এ মিছিল করে। সকাল ১১টার দিকে আজিমপুর মোড় থেকে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। পলাশী মোড়ে এসে মিছিলটি পুলিশি বাধার কারণে ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রতিবছরই বাংলা একাডেমীতে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করতে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত একাডেমী চত্বরে আসেন। প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে সাম্প্রতিক বছরগুলোতে বিরোধী দলের ছাত্র সংগঠনের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা রেওয়াজে পরিণত হয়েছে। তবে ক্যাম্পাসে ছাত্রদলের অবস্থান নেই বলে, গতকাল তারা ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় মিছিল করেছে বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল কালো কাপড় বেঁধে ছাত্রদলের ঢাবি শাখা-কর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। এদিকে গত কয়েকদিনের মতো গতকালও ছাত্রলীগ ক্যাম্পাসে মহড়া দিয়েছে।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হিরু বলেন, ক্যাম্পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদে আমরা কালো কাপড় বেঁধে মিছিল করেছি। আমরা ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার জন্য কর্মসূচি অব্যাহত রাখবো। এর আগে গত ২৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহ-অবস্থানের দাবিতে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে ছাত্রদল।
গত তিনদিনে বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০টি ককটেল বিস্ফোরিত হয়। আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের। তবে ককটেল বিস্ফোরণের জন্য ছাত্রলীগ ও ছাত্রদল পরস্পরকে দায়ী করেছে। নিরাপত্তার খাতিরে ক্যাম্পাসে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
