চলতি অধিবেশনেই জিআই পণ্য আইন পাস হবে :শিল্পমন্ত্রী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৮
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভৌগোলিক নির্দেশক পণ্যের মালিকানা সুরক্ষায় জাতীয় সংসদের চলতি অধিবেশনেই ভৌগোলিক নির্দেশক পণ্য আইন (জিআই অ্যাক্ট) পাস করা সম্ভব হবে বলে আশা করছি। একইসাথে ২৬ এপ্রিল জাতীয়ভাবে মেধা সম্পদ দিবস উদ্যাপন করে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হবে। দেশের ঐতিহ্যবাহী পণ্যের মেধা সম্পদ সুরক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণরা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এসব তরুণ ঐতিহ্যবাহী পণ্যের মেধাসম্পদ সুরক্ষায় সচেতনতা তৈরিতে কাজ করবেন। এ লক্ষ্যে বিল্ড বেটার বাংলাদেশ (বি-কিউব) নামে একটি সংগঠনের অধীনে তারা এ সচেতনতা ও জনমত তৈরির কাজ করবেন। গতকাল ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে কমিউনিটি ব্র্যান্ডিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী উপরের কথাগুলো বলেন। দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ৪০টি বিশ্ববিদ্যালয় ও ৭টি বিভাগের প্রতিযোগীরা অংশ নেবে। প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত পণ্যগুলোর পেটেন্ট নিবন্ধন করে এর বাংলাদেশি মালিকানা নিশ্চিত করা হবে। এর ফলে পদ্মার ইলিশ, রাজশাহীর ফজলি আম ও সিল্ক, কুমিল্লার রসমালাই ও খাদি কাপড়, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, দিনাজপুরের কাটারিভোগ, সিলেটের সাতকরা ও আগর, রূপগঞ্জের জামদানী, টাঙ্গাইলের তাঁত শাড়ি ও চমচমসহ দেশের বিভিন্ন এলাকায় উত্পাদিত ঐতিহ্যবাহী পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ লাভবান হবে। গত অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে মেধা সম্পদ সুরক্ষায় ভৌগোলিক নির্দেশক আইনের (জিআই অ্যাক্ট) বিষয়ে এক আলোচনা সভায় এ আইনটি দ্রুত পাসের দাবি ওঠে।