লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সভাপতি প্রার্থী মাস্টার নুরুল আমিন ও মহিউদ্দিন আহম্মদ সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এতে আওয়ামী লীগের সম্মেলনটি পন্ড হয়ে যায়। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সম্মেলনে আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতা ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের বাদ দিয়ে কাউন্সিলার তালিকা তৈরি করার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এ নিয়ে সভাপতি প্রার্থী বর্তমান আহ্বায়ক মাস্টার নুরুল আমিন ও মহিউদ্দিন আহম্মদ সেলিম গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধলে হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
