বিআরটিসি বাসসহ ১০টি যানবাহন ভাংচুর

রংপুরে ২ জামায়াত-শিবির ক্যাডারকে গণধোলাই

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
রংপুর মহানগরীর মডার্ন মোড়ে বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবির ক্যাডাররা আকস্মিকভাবে বিআরটিসি বাসসহ ১০টি যানবাহন ভাংচুর করলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে প্রতিরোধ করে। এ সময় জনতা ২ জামায়াত-শিবিরের ক্যাডারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এদের মধ্যে অলিয়ার রহমান নামের একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশী প্রহরায় চিকিত্সা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জামায়াত-শিবিরের ক্যাডাররা সংঘবদ্ধ হয়ে ঢাকা থেকে আগত ও ঢাকাগামী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে হামলা চালিয়ে ভাংচুর করতে থাকে। এ সময় এলাকাবাসী তাদেরকে প্রতিরোধ করে এবং অলিয়ার ও বাঁধন নামের ২ জনকে আটক করে গণধোলাই দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এলে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়। এদিকে গতকাল শুক্রবার নগরীর গুপ্তপাড়া এলাকা থেকে জিয়ারুল ইসলাম নামের এক শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।