হরতালে সহিংসতা

জামায়াত-শিবিরের ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে ১৩ মামলা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
রাজধানীতে গত বৃহস্পতিবার অর্ধ-দিবস হরতাল পালনকালে গাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলাসহ সহিংস ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত-শিবিরের ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে ১৩টি মামলা করেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এবং শুক্রবার সকালে ডিএমপির ১০টি থানায় এসব মামলা করা হয়। রমনা থানায় দুটি, শাহবাগ থানায় তিনটি ছাড়াও পল্টন, ধানমন্ডি, গুলশান, লালবাগ, যাত্রাবাড়ী, শ্যামপুর, মিরপুর ও পল্লবী থানায় একটি করে মামলা হয়েছে। মামলা প্রসঙ্গে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গত বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সহিংসতায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করেছে। এর মধ্যে দ্রুত বিচার আইনে চারটি এবং অবৈধ বিস্ফোরক দ্রব্য আইনে অন্য নয়টি মামলা হয়েছে। মামলাগুলো বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ডিএমপির ১০টি থানায় করা হয়েছে। ১৩টি মামলায় জামায়াত-শিবিরের জ্ঞাত-অজ্ঞাত অন্তত ৫০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।