রাশিয়া-ইরানকে হিলারির হুঁশিয়ারি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
সিরিয়া ইস্যুতে রাশিয়া ও ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন গতকাল শুক্রবার বিদায় নেয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বুধবার সিরিয়ায় ইসরাইলের বিমান হামলার পর রাশিয়া ও ইরান ইসরাইলকে হুঁশিয়ার করে দেয়ার পর গতকাল হিলারি পাল্টা হুঁশিয়ারি দিলেন। খবর বিবিসির। হিলারি ক্লিনটন অভিযোগ করেন, ইরান এবং রাশিয়া সিরিয়ার সংঘাতে উস্কানি দিচ্ছে। তিনি বলেন, ইরান সিরিয়া সরকারকে সামরিক এবং আর্থিক সহায়তা দিচ্ছে। একই সঙ্গে রাশিয়াও অর্থ এবং সরঞ্জাম সরবরাহ করছে। গত বুধবার সিরিয়ার সেনাবাহিনী অভিযোগ করে তাদের একটি সামরিক গবেষণাগারে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। যদিও ইসরাইল এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। হিলারি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তার সর্বশেষ সাক্ষাত্কারে গতকাল বলেন, ইরানের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় রাখা। তিনি বলেন, আমরা মনে করি ইরান তাদের কর্মী আসাদকে সহযোগিতার জন্য না পাঠিয়ে সামরিক বাহিনীকে পরামর্শ ও সহযোগিতার জন্য পাঠাবে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরান সিরিয়ায় অস্ত্র পাঠানোর পরিমাণ বৃদ্ধি করছে যেগুলো আসাদ বিরোধীদের ওপর ব্যবহার করছে। রাশিয়ার ব্যাপারেও একই উদ্বেগ প্রকাশ করে হিলারি বলেন, এ সহযোগিতা চলতে থাকলে সিরিয়া সংঘাত ছড়িয়ে পড়বে এবং মারাত্মক পরিণতি বয়ে আনবে। তিনি ব্যক্তিগতভাবে গৃহযুদ্ধের আশঙ্কাও করেন। সিরিয়া সংঘাত প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়া খুবই সম্ভব বলে মন্তব্য করেন হিলারি ক্লিনটন। জাতিসংঘের এক তথ্যমতে, গত ২২ মাস আগে আসাদ বিরোধী আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত ৬০ হাজার নাগরিক মারা গেছে।