কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে উদ্দীপনা প্রদান অনুষ্ঠান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩২
চন্দন বর্ম্মণ  গত ২৪ জানুয়ারি ২০১৩ কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ‘উদ্দীপনা প্রদান’ ও দোয়া অনুষ্ঠান । অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবকগণ এবং শিক্ষার্থীবৃন্দ। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানমালার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব মো. রহমত উল্লাহ। প্রথমপর্বে ছিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য এবং উপহার প্রদান অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। পরবর্তীতে পরীক্ষার্থীদের দিক নির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্য প্রদান করেন উক্ত কলেজের স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি জনাব পীযূষ কান্তি পাল এবং কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি জনাব বিমান কুমার চক্রবর্তী ও দিবা শাখার শিফট ইনচার্জ সহকারি অধ্যাপক দিলরুবা আক্তার। এরপর অধ্যক্ষ শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই দলীয় নৃত্য এরপর একক নৃত্য, কবিতা, গান । সবশেষে দলীয় নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। অনুপ্রেরণা হিসেবে প্রতিষ্ঠানটি এবারই প্রথম ‘উদ্দীপনা প্রদান’ নামে এ অনুষ্ঠান উদ্যাপন করে।