হ্যাকারদের দখলে টুইটারের আড়াই লক্ষ অ্যাকাউন্ট

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৭
হ্যাকারদের নজর পড়েছে এবার মাইক্রোব্লগিংয়ের জনপ্রিয় সাইট টুইটারের উপর। সম্প্রতি হ্যাকাররা হামলা চালিয়েছে এই মাইক্রোব্লগিং সাইটের উপর এবং সফলভাবেই এই হামলা কার্যক্রম পরিচালনা করেছে তারা। এতে করে প্রায় আড়াই লক্ষ গ্রাহকের তথ্য হাতিয়ে নিতে সমর্থ হয়েছে হ্যাকাররা। টুইটার এই সাইবার হামলার খবর স্বীকার করে নিয়েছে। টুইটারে এই হ্যাকিং অবশ্য হঠাত্ করেই হয়নি। এক ব্লগপোস্টে টুইটার জানিয়েছে, গত সপ্তাহেই তারা টুইটারে সাইবার অপরাধীদের আনাগোনা লক্ষ করে। একটি হ্যাকারদল টুইটারের বেশকিছু অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে বলে জানায় টুইটার। তবে সেই প্রচেষ্টা সনাক্ত করা মাত্রই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সমর্থ হয় টুইটার এবং সেই সাইবার হামলাকে নিস্ক্রিয় করে দেওয়া হয়। তবে এর পরপরই আবারও আক্রমণ চালানো হয় টুইটারে এবং হ্যাকাররা প্রায় আড়াই লক্ষ টুইটার অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিতে সমর্থ হয়। টুইটার অবশ্য ক্ষতিগ্রস্ত এসব অ্যাকাউন্টের প্রতিটিতেই নতুন করে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টধারীদের ইমেইল করে দিয়েছে এবং নিজেদের মতো করে নতুন পাসওয়ার্ড সেট করে নিতে আহ্বান জানিয়েছে। টুইটারের এই ব্লগে বলা হয়, ‘আমাদের মনে হয় না কোনো নতুন হামলাকারী এই আক্রমণের সাথে জড়িত। এবং এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটগুলোতে যে ধরনের সাইবার আক্রমণ করা হয়েছে, তার সাথে এই আক্রমণের যথেষ্ট মিল রয়েছে এবং এই হামলার সাথে সংশ্লিষ্ট হ্যাকাররা খুবই সতর্কতার সাথেই এই আক্রমণ পরিচালনা করেছে।’ এই ব্লগে আরও বলা হয়, ‘আমরা মনে করি এই আক্রমণের কথা সবাইকেই জানানো উচিত। আর সে কারণেই আমরা এই হামলার দায় স্বীকার করে নিচ্ছি। পাশাপাশি আমরা এই আক্রমণ সম্পর্কে আরও তথ্য উদঘাটন করতে কাজ চালিয়ে যাচ্ছি। সরকার এবং আইন শৃংখলা বাহিনিকেও আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করছি এই হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য।’ সাইবার অপরাধীরা যেন নতুন আক্রমণে ঝাঁপিয়ে পড়ার মনোবৃত্তি নিয়েই এই বছরটি শুরু করেছে। গত কয়েক বছরে সারা বিশ্বের বড় বড় অনেক প্রতিষ্ঠানই সাইবার অপরাধীদের হামলার শিকার হয়েছে। চলতি বছরের শুরু থেকেও তাদের আক্রমণের খোঁজ পাওয়া যাচ্ছে। সপ্তাহখানেক আগে দ্য নিউইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালও তাদের সার্ভারে আক্রমণের প্রচেষ্টার কথা জানায়। টুইটারের একজন কর্মীর কম্পিউটারের জাভা প্রোগ্রামের কিছু দুর্বলতার সুযোগ নিয়েই আক্রমণ করা হয়েছে বলে ধারণা করেছেন একজন প্রযুক্তি বিশ্লেষক। এই আক্রমণে টুইটারের দুর্বল কোনো দিক নিয়ে অবশ্য টুইটারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে কোনো সাইবার অপরাধী দলও এই আক্রমণের দায় স্বীকার করে নেয়নি।