আইসিটি ইনকিউবেটরকে ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক’ হিসেবে ঘোষণা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৭
রাজধানীর কাওরান বাজারে বিডিবিএল ভবনে অবস্থিত আইসিটি ইনকিউবেটরকে ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক-১’ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। গত ৩০ জানুয়ারি বেসিস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ ঘোষণা দেন। ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক :বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বেসিস-এর সহ-সভাপতি ও বেসিস স্ট্যান্ডিং কমিটি অন ইনফ্রাস্ট্রাকচার সৈয়দ আলমাসন কবির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসিস-এর প্রাক্তন সভাপতি এ তৌহিদ, সারওয়ার আলম ও মাহবুব জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিটি ইনকিউবেটর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আমির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আইসিটি ইনকিউবেটরকে সফটওয়্যার টেকনোলজি পার্ক (এসটিপি-১) হিসেবে ঘোষণার বিষয়ে ইতোমধ্যেই স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় একে এসটিপি-১ ঘোষণা করা হলো।’ সারাদেশে আরও অন্তত ১০টি এসটিপি স্থাপনের ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। সভাপতির বক্তব্যে বেসিস-এর ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে এসটিপি-১ বাস্তবায়নে বেসিস-এর সদিচ্ছার কথা তুলে ধরেন।