পেশাদার ফুটবলের তিন ম্যাচ আজ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৪
পেশাদার ফুটবলে আজ একই দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ও ব্রাদার্স ইউনিয়ন। ঢাকায় বিজেএমসি ও শেখ রাসেল এবং একই মাঠে সন্ধ্যা সোয়া ছয়টায় আবাহনী ও আরামবাগ মুখোমুখি হবে। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আবাহনীর জন্য এগিয়ে থাকার লড়াই। ৯ খেলায় ২০ পয়েন্ট নিয়ে আবাহনী শীর্ষে, ৮ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে শেখ রাসেল দ্বিতীয় স্থানে এবং ৯ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে শেখ জামাল তৃতীয় স্থানে রয়েছে। মুক্তিযোদ্ধা ৯ খেলায় ১৪, সমান ম্যাচে মোহামেডান ১২, বিজেএমসি ১২, ব্রাদার্স ৭, আরামবাগ ৬ এবং সকার ক্লাবের ৩ পয়েন্ট। মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স আজ গোপালগঞ্জে মুখোমুখি গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আজ রবিবার মুখোমুখি হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ ও ব্রাদার্স ইউনিয়ন। গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের এ ম্যাচটি বিকাল আড়াইটায় শুরু হবে। মুক্তিযোদ্ধাকে তাদের গোপালগঞ্জের ‘হোম গ্রাউন্ডে’ এখন পর্যন্ত কোন দল হারাতে পারেনি। মুক্তিযোদ্ধা গত চার ম্যাচের মধ্যে দুটি জিতেছে। অপর দুটি খেলা ড্র হয়। এ ম্যাচকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। আজও প্রচুর দর্শক সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা করছেন।