‘যদি একটা হুইল চেয়ার পেতাম’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
ছোট ভাইটা আমাকে টানতে টানতে কাঁধে দাগ পড়ে গেছে। আমার কারণে লেখাপড়াও বন্ধ। অভাবের সংসারে ভাইয়ের কাঁধে চড়ে ভিক্ষা করে দিন কাটছে আমাদের। একটা হুইল চেয়ার পেলে ভাইটাকে মুক্ত করতাম। এমন কথাই বললেন দৌলতখান উপজেলার রাধা বল্লভ এলাকার প্রতিবন্ধী মনির (১৫)। মনিরের বাবা দিনমজুর ছিডু জানান, জন্মের পর হঠাত্ একদিন প্রচণ্ড জ্বর আসে তার। জ্বর ভালো হবার পর দুটি পায়ের শক্তি হারিয়ে যায়। ক্রমেই চলাচলের শক্তি হারিয়ে ফেলে। টাকার অভাবে ভাল করে চিকিত্সা করাতে পারিনি। অভাবের কারণে ছোট ছেলে মিরাজ লেখাপড়া বাদ দিয়ে মনিরকে কাঁধে নিয়ে ভিক্ষা করছে। প্রতিবন্ধী মনির জানায়, দুই ভাই মিলে ভিক্ষা করে দৈনিক ১০০-১৫০ টাকা পাই। তা দিয়েই চলছে আমাদের সংসার। সমাজের সাদা মনের মানুষের প্রতি তার আবেদন যদি একটি হুইল চেয়ার কেউ দান করে তবে ছোট ভাইকে ভিক্ষার পরিবর্তে স্কুলে পাঠাতে পারত।