ঠাণ্ডা ফি নামে বাউফলের কনকদিয়া হাইস্কুল এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ৫০০ টাকা নিচ্ছে। এ বছর পটুয়াখলাীর বাউফলের কনকদিয়া হাইস্কুলে এসএসসি পরীক্ষার নতুন সাব সেন্টার খোলার অনুমতি দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড । এই সাব সেন্টারে বীরপাশা, সোনামদ্দি, সফুরা খাতুন, কনকদিয়া বালিকা হাইস্কুলসহ মোট ৪টি স্কুলের ২৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে । কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক ইসমাইল ভুঁইয়া প্রবেশপত্র বিতরণের সময় পরীক্ষার্থীদের নিকট থেকে বোর্ডের নির্ধারিত ফি ছাড়াও আরো অতিরিক্ত ৫০০ টাকা করে আদায় করেন । প্রবেশপত্র বিতরণের সময় অতিরিক্ত ৫০০ টাকা প্রদান করে প্রবেশপত্র নিতে গরিব অভিভাবকদের হিমশিম খেতে হয় । অতিরিক্ত ৫০০ টাকা আদায় সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে ওই স্কুলের কয়েকজন শিক্ষক বলেন, সাব সেন্টার আনতে বিভিন্ন টেবিলে টাকা দিতে হয়েছে । এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে একাধিক টিম আসবে। তাদের ম্যানেজ করতে টাকা ব্যয় করতে হয়। তাই ঠাণ্ডা ফি নামে অতিরিক্ত কিছু টাকা আদায় করা হয় । উক্ত অতিরিক্ত ফি আদায়ের কথা কেন্দ্র সচিব ইসমাইল ভুঁইয়া সম্পূর্ণ অস্বীকার করেন । এব্যাপারে বাউফলের ইউএনও সাদেকুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে ।
