রংপুর মেডিক্যালের অধ্যক্ষের কার্যালয় ঘেরাও, ভিক্ষোভ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখার সভাপতি রেজওয়ানুর রহমান মিরাজের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে গতকাল শনিবার ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশন, ছাত্রলীগ মেডিক্যাল কলেজ শাখা এবং ধাপ এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পৃথক পৃথকভাবে হাসপাতাল পরিচালক ও অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করা হয়। এদিকে একই দাবিতে গত ২ দিন থেকে হাসপাতালে ইন্টার্নি চিকিত্সকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল কলেজে ছাত্রলীগও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। হাসপাতাল পরিচালক ও কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পৃথক পৃথক সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার আব্দুর রাজ্জাক রাজু, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জাসদ নেতা মাসুদ-উন-নবী মুন্না, রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মোখলেছুর রহমান তরু, জাসদ নেতা আখতারুজ্জামান মওলা, শফিকুল ইসলাম মনা, মহিবুর রহমান লিমন, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের রংপুর মেডিক্যাল কলেজ শাখার সভাপতি ডা. সোহেল রানা, সাধারণ সম্পাদক ডা. মাহমুদ আলম শাহ সুজন, ডা. রোকন পিয়াল, ডা. ফরহাদ হোসেন, ডা. সুব্রত সেন, ডা. রিফাত আরা শারমিন, ডা. অনিন্দিতা মজুমদার তুলি, ডা. আমিনুর রহমান, ডা. তুষার, ডা. কৌশিক, ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান রিফাত, বিজন সরকার, মওদুদ আদনান, অভিজিত্ রায়, তারিক রশিদ প্রমুখ। অপরদিকে ২৮ জানুয়ারি রাতে জাসদ ছাত্রলীগ মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক মেজবাউর রহমারের ওপর হামলা ও গুরুতর আহত করার অভিযোগে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক শিহুরুল আলম স্মরণ বাদী হয়ে ছাত্রলীগ মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন প্রধানসহ ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪ জনের নামে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন ধাপ এলাকার রায়হান মিয়া, ছাত্রলীগ নেতা মিনহাজ মুরাদ, সোহেল রানা সোহেল, অভিজিত্ রায় ও মাহমুদুর রহমান রিফাত। এদিকে একইদিন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাপিচ) রংপুর জেলা সাধারণ সম্পাদক মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডা. একেএম নূরুন্নবী লাইজুর চেম্বারে হামলা ও তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত কালো ব্যাজ ধারণ এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রাইভেট চেম্বার ও বেসরকারি ক্লিনিকে চিকিত্সাসেবা দেয়া থেকে বিরত থাকছেন। এ ব্যাপারে ডা. একেএম নূরুন্নবী লাইজু কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, ২৮ জানুয়ারি রাতে ডা. পিন্নু হোস্টেলের ৪৬নং কক্ষে অবস্থানরত ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখার সভাপতি রেজওয়ানুর রহমান মিরাজের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ ব্যাপারে আহত ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি রেজওয়ানুর রহমান মিরাজ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।