চট্টগ্রামে শিল্প এলাকায় সক্রিয় সংঘবদ্ধ অপরাধীচক্র

আপডেট : ০২ মে ২০১৯, ২৩:৩৮

চট্টগ্রাম নগরীর কালুরঘাট, বায়েজিদসহ শিল্প এলাকাগুলোতে সংঘবদ্ধ অপরাধী চক্রের তত্পরতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় মাদকাসক্ত তরুণ-যুবক ও উঠতি বয়সী সন্ত্রাসীদের নিয়ে এসব চক্র নানা অপরাধে যুক্ত হচ্ছে। সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে শিল্প প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, জায়গা দখল, মাদক ব্যবসাসহ নানা অপরাধে লিপ্ত হচ্ছে এসব চক্র।

এই ধরনের চক্রের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছর বায়েজিদ এলাকায় যুবলীগ নেতা মেহেদি হাসান বাদল খুন হয়েছিলেন। খুনোখুনি ছাড়াও বিভিন্ন সময় সেখানে পক্ষে-বিপক্ষে মারামারির ঘটনা ঘটে। চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে পক্ষগুলোর মধ্যে প্রায়শই সংঘর্ষ লেগে থাকে। রাজনৈতিক গ্রুপের আশ্রয়ে থেকে নিজেরাই সৃষ্টি করেছেন বিভিন্ন উপ-গ্রুপ। যারা এসব গ্রুপ-উপ-গ্রুপের আড়ালে নানা অপকর্ম করে থাকেন।

নগরীর বিভিন্ন এলাকায় এরকম বেশকিছু চক্র সক্রিয় রয়েছে। এরমধ্যে বায়েজিদ এলাকায় দিদার-মহিউদ্দিন-জসিম এর নেতৃত্বে একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। যারা সাম্প্রতিক সময়ে  ওই এলাকায় বেশ কয়েকটি জায়গা দখল এবং শিল্প কারখানায় চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। সরকারি দলের নাম ভাঙিয়ে দিদার-মহিউদ্দিনের নেতৃত্বে অর্ধশত জনের একটি সিন্ডিকেট মাদক ব্যবসা, চাঁদাবাজিতেও লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাবাজার এলাকার একাধিক ব্যক্তি ইত্তেফাককে জানান, গত সোমবার জালালাবাদ এলাকার বাংলাবাজারে বিপণিবিতান কর্তৃপক্ষের একটি জায়গার একাংশ অস্ত্রশস্ত্র নিয়ে রাতারাতি দখলে নিয়েছে একটি চক্র। জায়গার মালিকের কাছে দাবি করা চাঁদা না দেয়ায় তারা জায়গাটি দখলে নিয়ে চারপাশে টিনের ঘেরা দিয়ে টিনশেড ঘর নির্মাণ করেছে। দখলের একদিন পর সেখানে একটি সাইনবোর্ডও টাঙিয়ে দিয়েছে চক্রটি।

বাংলাবাজারের স্থানীয়রা বলছেন, ‘এখন কেউ সাইনবোর্ড নামাতে গেলেই রক্তপাত ঘটবে। ওরা অস্ত্রশস্ত্র নিয়ে সবসময় ঘটনা ঘটাতে প্রস্তুত থাকে। এ গ্রুপটির নেতৃত্বে থাকা যুবলীগ নেতা মহিউদ্দিন, দিদার, মিল্টন বড়ুয়া, মোস্তফা কামাল প্রকাশ ইয়াবা কামালরা সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করছেন। এ সিন্ডিকেটটির ভয়ে কেউ কথা বলতে পারেন না। থানায় তাদের বিরুদ্ধে অনেকেই অভিযোগ দিয়েছেন।’

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার এ প্রসঙ্গে বলেছেন, ‘এরকম কয়েকটি সিন্ডিকেট বায়েজিদে আছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দিলেই আমরা ব্যবস্থা নিই। যেখানেই জায়গা দখলের খবর পাই সেখানে ফোর্স পাঠানো হয়। এই ঘটনাটির বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। এই এলাকায় কিছু সন্ত্রাসী মাথাছাড়া দেয়ার চেষ্টা করছে। আমরা তাদের কার্যকলাপের উপর নজরদারি রেখেছি।’