ঘন কুয়াশা

পাটুরিয়া-দৌলতদিয়ায় সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৪
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শুক্রবার রাত আড়াইটা থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই একটি ফেরি মাঝ নদীতে নোঙর করে। আর উভয় পাড়ের ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় তিনশ’ ট্রাক, দেড়শ’ বাসসহ পাঁচ শতাধিক যানবাহন আটকে পড়ে। এতে যাত্রী, যানবাহন চালক-হেলপার এবং ঘাট এলাকায় কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা ভোগান্তিতে পড়েন। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা জানান, আড়াইটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌ চ্যানেলের বিকন ও সিগন্যাল বাতি ঢেকে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই রো রো ফেরি কেরামত আলী মাঝ নদীতে নোঙর করে। এছাড়া পাটুরিয়া ঘাটে দু’টি ও দৌলতদিয়া ঘাটে নয়টি ফেরি যানবাহন পার করার অপেক্ষায় থাকে। তিনি আরও জানান, শনিবার সকাল নয়টার দিকে কুয়াশার তীব্রতা কমে এলে মাঝ নদীতে আটকেপড়া ফেরি ঘাটে ভিড়তে সক্ষম হয়। এরপরই বাকি ফেরিগুলোর চলাচল পুনরায় শুরু হয়।