পৌরসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনার জন্ম দিয়ে ২ বছর পর বৃহস্পতিবার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবুল হাশেম। মেয়র মকলেছুর রহমান বাবলু, প্যানেল মেয়র আব্দুল খালেক রবি, প্যানেল মেয়র-২ আনোয়ার হোসেন জনি, সচিব জহুরুল ইসলাম প্রমুখ এ ব্যাপারে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন। এর আগে বিশাল মোটর সাইকেল বহর এবং ব্যান্ডপার্টিসহ এলাকার সমর্থকদের সাথে নিয়ে নিজের দায়িত্বভার গ্রহণ করতে কাউন্সিলর আবুল হাশেম পৌরসভায় আসেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১২ জানুয়ারি অনুষ্ঠিত ঈশ্বরদী পৌরসভার নির্বাচনে ৬নং ওয়ার্ডের ভোট গণনার সময় ভুল করে আব্দুল আজিজকে ১২ ভোটে বিজয়ী দেখিয়ে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের নির্বাচন কর্মকর্তা। ভোট গণনায় অস্বচ্ছতার অভিযোগ এনে ভোট পুনঃগণনার দাবি জানিয়ে বিশেষ নির্বাচন ট্রাইবুনালে আবুল হাশেম রিট আবেদন করেন। দীর্ঘ দুই বছর আইনি লড়াই শেষে গত বছর ২৩ ডিসেম্বর আবুল হাশেমকে বিজয়ী ঘোষণা করে সংশোধিত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই মেতাবেক গত ৭ জানুয়ারি রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান আবুল হাশেমকে নির্বাচিত কাউন্সিলর হিসেবে শপথ বাক্য পাঠ করান।
