ঝিনাইদহ থেকে ভারতে পাচার হচ্ছে তিল-সরিষা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লুটতে চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের জিন্নানগর এলাকা হতে তিল-সরিষা সংগ্রহ করে ভারতে পাচার করছে। জীবননগর শহর ও জিন্নানগর এলাকার বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী এ কাজে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। দামুড়হুদা সীমান্তের চোরাচালানীদের মাধ্যমে তারা এ তিল-সরিষা পাচার করছে বলে অভিযোগ। এভাবে দেদারছে তিল-সরিষা ভারতে পাচার অব্যাহত থাকলে এলাকার তেলের মিলগুলো সঙ্কটের মুখে পড়ে বন্ধ হয়ে যাবে এবং ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট সূত্র অভিমত ব্যক্ত করেছেন। প্রাপ্ত তথ্যে জানা যায়, ভারতের বাজার থেকে বর্তমানে এদেশের বাজারে তিল ও সরিষার মূল্যে বেশ ফারাক। ভারতের বাজারে প্রতিমণ তিল বাংলাদেশি টাকায় ৩ হাজার ২শ’ টাকা এবং সরিষা ২ হাজার ৬শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। পক্ষান্তরে এ দেশের বাজারে প্রতিমণ তিলের দাম ২ হাজার ১শ’ টাকা এবং সরিষার দাম ২ হাজার ১শ’ ৫০ টাকা। এ সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লুটতে ভারতে তিল-সরিষা পাচার কাজে নিয়োজিত। এভাবে ভারতে তিল-সরিষা দেদার পাচার বন্ধ করা না গেলে এলাকার তেল মিলগুলো বন্ধ হওয়াসহ ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি পাবে বলে আশঙ্কা।