রাজবাড়ীর পাংশায় এক ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আওয়ামী লীগ নেতা উপজেলার সরিষা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পিকুল বিশ্বাস (৪০)। বুধবার রাত ১২টার দিকে সরিষা বাজারের পাশে এ ঘটনা ঘটে।
পিকুল সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহারের ছোট ভাই এবং খামারডাঙ্গা গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছেলে। স্বজনরা জানান, পিকুল রাত ১২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। এ সময় সরিষা বাজার থেকে একটু দূরে রাস্তায় একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক প্রাথমিক চিকিত্সা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
