অভিভাবকহীন সড়ক !!

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪০
ঢাকার মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত সড়কটি সরকারের কোনো কর্তৃপক্ষের আওতায় কিনা সন্দেহ হয়। গত প্রায় তিন বছর ধরে সড়কটির বেহাল দশা ! ড্রেনেজ লাইন বসানোর ছুতায় গত প্রায় দু’বছরই রাস্তাটির অবস্থা ছিল তথৈবচ ? এর অবস্থার কোনো উন্নতি নেই। মাঝে মধ্যে অসহ্য গর্তগুলোতে কিছু ইট-সুরকি নিক্ষেপ ছাড়া কোনো পরিচর্যাই নেই। অথচ এ রাস্তাটির পাশে রয়েছে বিআরটিএ-র প্রধান কার্যালয় যেখানে প্রতিদিন শত শত গাড়ি ঢোকে এবং বের হয়। এছাড়া রয়েছে ঢাকা ডেন্টাল কলেজ, পুলিশ স্টাফ কলেজ,স্কলাস্টিকা,হারমেইনম্যানর,আইডিয়াল,আদর্শ,পুলিশস্মৃতি ইত্যাদি খ্যাতনামা স্কুলসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নেভির স্টাফ কোয়ার্টার, দাঙ্গা পুলিশের প্রধান কার্যালয়সহ ব্যারাক, প্রায় ১০টি গার্মেন্টস কারখানা এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা রয়েছে। সড়কটি মূলত উত্তরা, এয়ারপোর্ট, গুলশান, বনানী এবং ক্যান্টনমেন্টের সঙ্গে গাবতলী তথা সমগ্র উত্তর এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষা করে থাকে। এত গুরুত্বপূর্ণ সড়কটির এহেন নাজুক অবস্থার হেতু কী বোধগম্য নয়! রাস্তাটির আশু সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর পড়বে কি ? কে এ চৌধুরী, মিরপুর, ঢাকা