বঙ্গমাতা আন্তর্জাতিক (অনূর্ধ্ব—১৯) নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক বাংলাদেশ এবং লাওস মুখোমুখি হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনাল খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ছয় জাতির এই টুর্নামেন্টের পর্দা নামবে আজ। দুই ফেবারিট দেশই ফাইনালে উঠে এসেছে। কোনো ম্যাচ হারেনি এখনো। দুর্দান্ত ফুটবল খেলে বাংলাদেশ এবং লাওস সবার নজর কেড়েছে। অনূর্ধ্ব-১৯ ফুটবল হলেও দর্শক আগ্রহের কমতি নেই। প্রচণ্ড দাবদাহের মধ্যেও গ্যালারিতে দর্শক বসছেন। বাংলার ফুটবলার মনিকা, সানজিদা, কৃষ্ণা, মারজিয়া, মারিয়ারা ফুটবল সুবাস ছড়িয়েছে। আগ্রহ বাড়ছে দর্শকদের। ভুরিভুরি গোলের সুযোগ পেয়ে ফিনিশিংয়ের অভাবে বড় জয় না পাওয়ার আক্ষেপ থাকলেও আজকের ফাইনালে থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশের মেয়েরা। পায়ে পায়ে ফুটবলের নৈপুন্য তুলে ধরার জন্য জীবন বাজি রেখে লড়াই করবেন বলে জানিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে এবারই প্রথম দেশে আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৯) ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে বাফুফে। দারুণ সাড়াও ফেলেছে এই টুর্নামেন্ট। ছয়টি দেশ এতে অংশ নেয়। নারী জাগরণের জন্য এমন টুর্নামেন্ট বড় ভূমিকা পালন করবে বলে টুর্নামেন্টের স্বত্ব ক্রয়কারী প্রতিষ্ঠান কে-স্পোর্টস জানিয়েছে।
আজ ফাইনাল খেলার ভিআইপি টিকিট ২০০ এবং গ্যালারি টিকিট ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীরা আইডি কার্ড দেখিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পারবে।
