রাজধানীতে জামায়াত শিবিরের মিছিল সমাবেশ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৬
প্রায় দেড় বছর পর পুলিশের সাথে কোন প্রকার সংঘর্ষ ছাড়াই জামায়াতে ইসলামী গতকাল শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশ চলাকালে পুলিশ দূরে দাঁড়িয়ে ছিলো। আবার বিক্ষোভ মিছিল চলাকালেও পুলিশ অনুসরণ করেছে। তবে মিছিল থেকে উস্কানিমূলক শ্লোগান দেয়ার পরও পুলিশ শান্ত ছিল। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল, আটক শীর্ষ নেতাদের মুক্তি, সরকারের জুলুম-নির্যাতন, কর্মসূচিতে বাধা প্রদান এবং হরতালের সময় বগুড়ায় হত্যাকাণ্ডের প্রতিবাদে মহানগর জামায়াতের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরের খানিক আগে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সেলিম উদ্দীন বলেন, জনতার আন্দোলন শুরু হয়েছে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, মোহাম্মদ ফরিদ হোসাইন, মোবারক হোসাইন, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, লস্কর মোহাম্মদ তাসলিম, এএসএম আলাউদ্দীন, আবদুস সবুর ফকির, ড. রেজাউল করিম, ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ। এর আগে সকাল ১০টায় কাকরাইল মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নয়াপল্টন, ফকিরেরপুল, আরামবাগ হয়ে মতিঝিল শাপলা চত্বরের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকবার উস্কানিমূলক শ্লোগান দেয়া হলে নেতাদের হস্তক্ষেপে তা বন্ধ হয়।