ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওরস্থ পাচুরিয়ায় গতকাল শনিবার বাস-টেম্পো সংর্ঘষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাত জন।
পুলিশ জানায়, গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে আরেকটি টেম্পোর মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতরা হলেন—জহুরা , সাহাতন, নুরজাহান, সাথী, ও মনোয়ারা বেগম। গুরুতর আহত অবস্থায় সাহেলা, ফাতেমা, দানেজ মিয়া, করিমন, মোকশেদ, জহুরা ও মাজেদাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ দিকে হাসপাতালে আনার সময় মোহন মিয়া, রোকেয়া মারা যান। নিহত-আহত সবার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কালিয়াকৈর ও গ্যাড়াদিয়া গ্রামে।
হাসপাতালে ভর্তি আহতরা জানান—একটি টেম্পো রিজার্ভ করে ১৪ জন নারী-পুরুষ হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামের ফকির বাড়ি যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে একটি বাস তাদের টেম্পোকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বরঙ্গাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইকবাল হোসেন জানান—ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক বা হেলপারকে ধরা যায়নি।
