দু’দিন বিরতির পর আজ রবিবার জাতীয় সংসদের অধিবেশন আবার বসবে। শীতকালীন অধিবেশনের চতুর্থ কার্যদিবসের অধিবেশন শুরু হবে বিকাল সাড়ে চারটায়। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আজ বহুল আলোচিত পদ্মা সেতু নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিবৃতি প্রদান করার কথা রয়েছে। নির্ধারিত কার্যসূচি অনুযায়ী মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শেষে অর্থমন্ত্রী বিবৃতি দেবেন।
পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটে গত শুক্রবার রাতে। বিশ্বব্যাংককে অর্থায়ন করার সুপারিশ বাংলাদেশ সরকার প্রত্যাহার করে নেয়। এর পরবর্তী ২৪ ঘন্টার ব্যবধানে সেতুতে অর্থায়ন করা থেকে এডিবি ও জাইকা নিজেদের সরিয়ে নিয়েছে।
গত ২৭ জানুয়ারি চলতি নবম সংসদের ষোলতম অর্থাত্ বছরের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান জাতির উদ্দেশে ভাষণ দেয়ার পর স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট দু’দিনের জন্য অধিবেশন মুলতবি করেছিলেন। গত বুধবার অধিবেশন শুরু হয়ে দু’দিন চলার পর সাপ্তাহিক ছুটির জন্য দু’দিন মুলতবি ছিল।
