বাংলাদেশ ব্যাংক থেকে প্রাথমিকভাবে অনুমোদন পাওয়া নতুন ৯টি ব্যাংকের মধ্যে প্রথম চূড়ান্ত লাইসেন্স পাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মালিকানায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এ লাইসেন্স পেতে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে ইতিমধ্যে ব্যাংকের মেমো ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আজ রবিবার বাংলাদেশ ব্যাংক বোর্ড সভা ব্যবসায়িক কার্যক্রম শুরুর জন্য চূড়ান্ত অনুমোদন দিবে।
এ বিষয়ে জানতে চাইলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলী গতকাল ইত্তেফাক’কে বলেন, বোর্ড সভায় উপস্থিত থাকতে ইতিমধ্যে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা বাংলাদেশ ব্যাংকের সব শর্ত পূরণ করেছি। আশা করছি, এ বোর্ড সভাতেই চূড়ান্ত লাইসেন্স পাবো। জানা গেছে, আয়কর বিবরণীতে প্রদর্শিত অর্থ থেকে মূলধন যোগানের শর্ত না থাকায় এ ব্যাংক প্রয়োজনীয় কাজ শেষ করেছে। আর এ কারণেই এনআরবি কমার্শিয়াল ব্যাংক প্রথম লাইসেন্স পেতে যাচ্ছে। তবে প্রবাসী বাংলাদেশিদের অন্য দু’টি এনআরবি ব্যাংক একই সুযোগ পেলেও এখনও তারা প্রয়োজনীয় কাজ শেষ করতে পারেনি। অন্যদিকে দেশের বেসরকারি খাতে অনুমোদন পাওয়া ৬টি বাণিজ্যিক ব্যাংকের উদ্যোক্তাদের আয়কর বিষয়ক যাচাই-বাছাই এখনও শেষ হয়নি।
