যুক্তরাষ্ট্রের ৬৮তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন জন কেরি। শুক্রবার হিলারি রডহ্যাম ক্লিনটনের বিদায়ের পর তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কাগান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আগামীকাল সোমবার কাজে যোগ দেবেন কেরি। শুক্রবার বিকাল ৪টায় হিলারির মেয়াদ শেষ হওয়ার পর কেরি শপথ নেন। শপথ অনুষ্ঠানের পর কেরি বলেন, শপথ গ্রহণ করে আমি খুবই আনন্দিত। কাজে যোগদানের জন্য আমি উদ্বিগ্ন হয়ে আছি। সোমবার সকাল ৯টায় কাজে যোগ দেব। তবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর তিনি প্রথমে বিশ্বের কোনদেশ সফরে যাবেন সেই বিষয়ে কিছু বলেননি।
গত চার বছর সিনেটের শক্তিশালী পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কেরি। গত মাসে প্রেসিডেন্ট বারাক ওবামা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটে ১৯৮৪ সাল থেকে দায়িত্ব পালনকারী জন কেরির নাম ঘোষণা করেন। ম্যাসাচুসেটসের দীর্ঘ দিনের সিনেটর কয়েক দশক ধরে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালে ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কেরি চার বছর কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে চার বছর প্রভাবশালী এই দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পর বিদায় নিলেন হিলারি। দেশটির পররাষ্ট্রমন্ত্রীদের ইতিহাসে তিনি একজন সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। দায়িত্ব পালনে সহযোগিতার জন্য তিনি প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ জানান। ওবামাকে দেয়া এক চিঠিতে তিনি তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োগ দেয়ায় ওবামাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটা ছিল আমার জন্য সম্মানের। চিঠিতে তিনি বলেন, বিশ্বে আমেরিকার নেতৃত্বকে শক্তিশালী করতে আমি আপ্রাণ চেষ্টা চালিয়েছি। হিলারি বর্তমানে দেশটির পরিচিত একটি মুখ। তার অনুসারীরা তাকে আগামী ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য চাপ দিলেও এখন পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।
