পাকিস্তানে জঙ্গি হামলায় ৩৫ জন নিহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০২
পাকিস্তানে গতকাল শনিবার খাইবান পাখতুন প্রদেশের এক সেনা চৌকিতে আত্মঘাতী বোমা ও রকেট হামলা এবং সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জন সেনাসদস্য ও ১২ জন জঙ্গি রয়েছে। তালেবান গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার। জঙ্গিরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের লাক্কি মারওয়াত জেলার সেরাই নাওরাং এলাকায় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর একটি যৌথ তল্লাসি চৌকিতে আত্মঘাতী বোমা হামলা চালায়। হামলাকারী দুই জনের বেল্টের সঙ্গে বিস্ফোরক ছিল বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। এরপর নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ১২ জঙ্গি নিহত হয়। কর্মকর্তারা বলেন, সেনা ক্যাম্পের সামনের একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়। এতে এক পরিবারের ১০ জন নিহত হন। হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান বলেছে, গত মাসে উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তাদের দুই কমান্ডার নিহতের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। তালেবান মুখপাত্র বলেন, ড্রোন হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে পাকিস্তান। এ হামলায় আমাদের দুই জ্যেষ্ঠ কমান্ডার ফয়সাল খান ও তুফানি নিহত হয়েছেন। চারজন সদস্য এই হামলা চালায় বলে তালেবান গোষ্ঠী দাবি করেছে।