নৌকায় ভোট দিন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আলবদর-রাজাকাররা মেয়েদের ইজ্জত লুটেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে। যারা হানাদার বাহিনীর হাতে মা-বোনদের তুলে দিয়ে তুষ্ট হয়, বাংলার মাটিতে সেই যুদ্ধাপরাধীদের বিচার হবেই। স্বাধীনতার পর জাতির পিতা বিচার শুরু করেছিলেন। ১১ হাজারের মতো যুদ্ধাপরাধীকে বন্দীও করেছিলেন; কিন্তু ’৭৫-এ তাকে হত্যার পর তাদের জেল থেকে জিয়াউর রহমান মুক্ত করে দেয়। তার স্ত্রী পরে ক্ষমতায় এসে তাদের মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপদেষ্টা বানিয়ে প্রতিষ্ঠিত করে। আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে ছিল তাদের বিচার করা। তাদের বিচার শুরু হয়েছে; কিন্তু বিএনপি যুদ্ধাপরাধীদের নিয়ে কোনো কথা বলে না। বরং যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে মানুষ পুড়িয়ে হত্যা, জ্বালাও-পোড়াও ও হরতাল করছে। বাংলার মাটিতে তাদের বিচার হবেই। প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এর আগে উল্লাপাড়ায়ও জনসভা করেন প্রধানমন্ত্রী। গতকাল শনিবার বিকালে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। কলেজে ছিল উপচে পড়া ভিড়। কলেজে জায়গা না পেয়ে কলেজের চার পাশে প্রচুর জন-সমাগম লক্ষ্য করা গেছে। তিনি এডওয়ার্ড কলেজ মাঠে বক্তব্য দেয়ার আগে জনসভাস্থল থেকে ডিজিটাল পদ্ধতিতে পাবনা মেডিক্যাল কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নবনির্মিত ভবন, পাবনা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবন, পাবনা বনমালি ইনস্টিটিউটের (সাংস্কৃতিক মিলনায়তন) নবনির্মিত ভবন ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং একই বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ভবন উদ্বোধন করেন। এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর, ঈশ্বরদী-ঢালারচর রেল পথ প্রকল্প, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন, ভাঙ্গুরা কোর্ট, ভাঙ্গুরা-নওগাঁ সড়ক, পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপির সভাপতিত্বে তিনি বিএনপির উদ্দেশে আরো বলেন, হরতাল দিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না। বিএনপি দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা বন্ধ করেছে। বিগত চার বছরে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ইউপি, উপজেলা, পৌরসভা-সিটি করপোরেশন নির্বাচন এবং উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অনিয়মের কথা কেউ বলতে পারেনি। দেশের মানুষ যাতে তাদের পছন্দমতো ভোট দিতে পারে, সেদিকে আমরা লক্ষ্য রেখেছি। আমরা নিশ্চিত করেছি জনগণের ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার। আমাদের সময় গত চার বছরে ৫ হাজার ৫১০টি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। একটি নির্বাচনেও কারচুপি হয়নি। অথচ বিএনপির আমলে ভোট গ্রহণ সুষ্ঠু হয়নি। তারা লুটপাট করেছে। আমার সময় সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিরোধী দলীয় নেত্রীকে খেলা বন্ধ রাখার অনুরোধ করেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বিদেশি একটি পত্রিকায় খালেদা জিয়ার নিবন্ধ লেখার নিন্দা জানিয়ে বলেন, দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের আহ্বান জানানো তার ঠিক হয়নি। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) এ.কে খন্দকার, রেলমন্ত্রী মুজিবুল হক, পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু, গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি, মকবুল হোসেন এমপি, তানভির শাকিল জয় এমপি, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খাইরুজ্জামান লিটন প্রমুখ। এর আগে দুপুরে সিরাজগঞ্জ থেকে প্রধানমন্ত্রী পাবনার বেড়ায় পৌঁছান। সেখানে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পিকিং পাওয়ার প্লান্ট ও বেড়া পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন করেন।