২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ কাজের প্যাকেজ ঘোষণা করবেন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৩
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রায় ৯৬ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদী শাসন প্রকল্পের অধীনে তীর রক্ষা প্রকল্প কাজ আগামী ২৮ ফেব্রুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর নির্মাণ কাজ চলমান রয়েছে। এই দিনই পদ্মার পাড়ে তিনি পদ্মা সেতু নির্মাণ কাজের প্যাকেজ ঘোষণা করবেন। যেহেতু বিশ্ব ব্যাংকের সাথে চুক্তি মোতাবেক কাজ হচ্ছে না। তাই পদ্মা সেতুর নতুন ডিজাইন হবে বলেও জানান তিনি। গতকাল শনিবার বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের এলেঙ্গায় একটি ফুট ওভারব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্কের কোন অবনতি হওয়ার আশংকা নেই জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে চলমান অপর ৩০টি প্রকল্পে কোনো ব্যাঘাত ঘটবে না। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যোগাযোগ সচিব এম এ এন সিদ্দিক ও সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর।