৯ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় চাচাকে খুন

আপডেট : ০২ মে ২০১৯, ২৩:৪১

শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামে ৪র্থ শ্রেণির এক শিশুকে মঙ্গলবার ধর্ষণের পর বুধবার খুন করা হয়েছে তার চাচাকেও। ধর্ষণের শিকার ঐ শিশুকে নিয়ে করা অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করায় তার চাচা সিরাজ মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে একই গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে আহাদ মিয়া (৩৫)। হত্যাকারী আহাদকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

জানা যায়, গত ৩০ এপ্রিল ৯ বছরের ঐ শিশুকে ধর্ষণের ঘটনায় পুলিশ জামাল মিয়া (২০) নামে একজনকে আটক করে। এরপর গত বুধবার রাতে ঘাতক আহাদ মিয়া সিরাজকে দেখে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করে। সিরাজ প্রতিবাদ করলে তাকে ছুরি দিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায় আহাদ মিয়া। ঘটনার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে সিরাজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। শিশুটির বাবাকেও ছুরিকাঘাত করেছে আহাদ। সিরাজ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল জানান, ধর্ষণ মামলার আসামি জামাল মিয়ার সঙ্গে হত্যা মামলার আসামি আহাদ মিয়ার কোনো পারিবারিক সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।