ওয়েব ডেভেলপারদের জন্য নতুন একটি ওয়েবসাইট তৈরি করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। কোনো একটি ওয়েবসাইট তৈরি করার পর বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন ওয়েব ব্রাউজারে এর পারফরম্যান্স কী রকম হবে, তা এই সাইটের মাধ্যমে সহজেই পরীক্ষা করে দেখা যাবে। মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে যে দলটি কাজ করে থাকে, তারাই এই ওয়েবসাইটটি চালু করেছে। www.modern.ie ঠিকানার এই ওয়েবসাইটে গিয়ে যেকোনো ডেভেলপার তার তৈরি করা যেকোনো ওয়েবসাইটকে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য পরীক্ষা করে নিতে পারবেন। নতুন এই ওয়েবসাইট এবং সেবা সম্পর্কে ইন্টারনেট এক্সপ্লোরারের জেনারেল ম্যানেজার রায়ান গ্যাভিন সিনেটকে দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ‘প্রযুক্তির অনেক উন্নয়ন ঘটেছে কিন্তু এখনও নানা ধরনের অপারেটিং সিস্টেম এবং ওয়েব ব্রাউজারে একটি ওয়েবসাইটকে পরীক্ষা করার বিষয়টি বেশ ঝামেলার এবং কঠিনও বটে। আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলতে পারি, তা হলো ডেভেলপারদের সুবিধার্থে এই প্রক্রিয়া সহজ হওয়া প্রয়োজন। আর এই প্রক্রিয়া সহজ করার জন্যই আমরা আমাদের এই নতুন সাইটে যুক্ত করেছি বিভিন্ন ধরনের টুল, যেগুলো ব্যবহার করে ডেভেলপাররা সহজেই তাদের তৈরি করা ওয়েবসাইটটিকে বিভিন্ন ওয়েব ব্রাউজার এবং অপারেটিং সিস্টেমের জন্য পরীক্ষা করে নিতে পারবেন। এতে করে তারা ওয়েবসাইটের পরীক্ষার জন্য সময় কম দিয়ে সাইটের উন্নতির জন্য আরও বেশি সময় দিতে পারবেন।’ মাইক্রোসফটের নতুন এই সাইট ইতোমধ্যেই সাড়া জাগিয়েছে ওয়েব ডেভেলপারদের মধ্যে। ডেভেলপারদের অনেকেই স্বাগত জানিয়েছেন নতুন এই সাইটকে। মডার্ন.আইই নামের এই সাইটকে তৈরি করা হয়েছে খুব সহজে ব্যবহারের উপযোগী করেই। এই সাইটে ঢুকলেই পাওয়া যাবে ওয়েবসাইটের ইউআরএল প্রবেশ করানোর একটি স্থান। এখানে ইউআরএল পেস্ট করে ‘স্ক্যান’ কমান্ড দিলেই মডার্ন.আইই ওই ওয়েবপেজে কোডিংয়ের কোনো সমস্যা রয়েছে কি না, তা স্ক্যান করবে। এ ছাড়া কম্প্যাটিবিলিটি সংক্রান্ত সমস্যা; ক্রোম, ফায়ারফক্স বা ম্যাক প্ল্যাটফর্মে ওয়েবসাইটটিকে পরীক্ষা করার টুলস; বিভিন্ন ব্রাউজার বা ডিভাইসের জন্য কী করে কোড লিখতে হয়, তার নিয়ম-কানুন এবং ইন্টারনেট এক্সপ্লোরার ১০ ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে এই সাইটে। জেকুয়েরি থেকে শুরু করে সিএসএস প্রিফিক্স, ডাটাবেজ লাইব্রেরি, কন্ডিশনাল কমেন্টস, ব্রাউজার ডিটেকশনসহ নানা ধরনের সমস্যা চিহ্নিত করতে সক্ষম এই সাইট। ফলে ডেভেলপাররা এই সার্ভিসটির উপর নিশ্চিন্তে নির্ভর করতে পারবেন বলে জানিয়েছে মাইক্রোসফট। তবে এই সার্ভিসকে আরও উন্নত করে তোলার কথাও জানিয়েছেন গ্যাভিন। আর এর জন্য তারা ডেভেলপারদের ফিডব্যাকের উপরেই নির্ভর করবেন বলে জানান তিনি।
