আজ ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

আপডেট : ০৩ মে ২০১৯, ০০:১০

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার। ঘূর্ণিঝড় ফণীর কারণে পরীক্ষা পেছাবে না বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহম্মাদ সাদিক ইত্তেফাককে বলেন, পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঘূর্ণিঝড় ফণীর কারণে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানো হবে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফণী শুক্রবার বিকালের পর বা শনিবার আঘাত হানতে পারে। এ কারণে পরীক্ষা গ্রহণে সমস্যা হবে না। তাই পরীক্ষা পেছানোর পরিকল্পনা নেই।

ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকায় দ্রুত ধেয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকা মোংলা ও পায়রা বন্দরকে ৭ এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যা নাগাদ আঘাত হানার আশঙ্কা রয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুসারে, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভাগীয় শহরগুলোয় এমসিকিউ টাইপের ২০০ নম্বরের এ পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে। ইতোমধ্যে পরীক্ষার হলে ক্যালকুলেটর ও ঘড়ি আনা নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার হলে সময় দেখার জন্য ঘড়ি থাকবে। এছাড়াও পরীক্ষার হলে ঘড়ি, মানিব্যাগ, মোবাইল, ক্রেডিট কার্ডসহ সব প্রকার ইলেকট্রনিকস ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। এসব পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করবে বলে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ৪০তম বিসিএসে রেকর্ডসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। এবার ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আগে কোনো বিসিএসে এতোসংখ্যক প্রার্থী আবেদন করেনি।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগের সুপারিশ করা হবে।