ফণীর কারণে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ০৩ মে ২০১৯, ০০:১১

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে আগামীকাল শনিবারের সকল শিক্ষা বোর্ডের এইচএসসির সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৪ মের পরীক্ষা ১৪ মে মঙ্গলবার একই সময়ে অনুষ্ঠিত হবে।  ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়েছে।

রুটিন অনুযায়ী আগামী ৪ মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং বিকালে গার্হস্থ্য অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত রুটিন অনুযায়ী ৪ মের পরীক্ষা আগামী ১৪ মে একই সময়ে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ফণীর প্রভাবে প্রাথমিক বিদ্যালয়ের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করে।

মন্ত্রণালয়ের উপসচিব নাজমা শেখ স্বাক্ষরিত আদেশে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ খুব শিগগিরই আঘাত হানতে পারে। এমতাবস্থায় নিজ নিজ অফিস ও প্রাথমিক বিদ্যালয়সহ সব ধরনের স্থাপনার সম্ভাব্য ক্ষতি পরিহারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (৩ মে) থেকে বাংলাদেশে ‘ফণী’র প্রভাব শুরু হতে পারে। এদিন সন্ধ্যায় বাংলাদেশ উপকূলে ফণী আঘাত হানতে পারে।