দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকায় নিজ প্রতিষ্ঠান থেকে আবুল কাশেম ঢালী (৬৮) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘মেসার্স ঢালী গার্মেন্টস’ নামে ওই প্রতিষ্ঠান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মার্কেট সমিতির লোকজন প্রতিষ্ঠানের কাটিং মাস্টার অমিতকে (২২) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অমিত হত্যার কথা স্বীকার করেছে। জানা যায়, পূর্ব আগানগরের মান্নান ম্যানশন নামে একটি তৈরি পোশাক মার্কেটের নীচতলায় একটি ও দোতলায় দুটি রুম ভাড়া নিয়ে তৈরি প্যান্টের ব্যবসা করতেন আবুল কাশেম ঢালী। নীচতলায় শোরুম আর দোতলায় ছিল কারখানা। নীচতলার শোরুমেই তিনি রাতে থাকতেন। দোতলার কারখানায় অমিত ঘুমাতেন। মার্কেট সমিতির লোকজন নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. শাহজামান জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রতিষ্ঠানের কর্মচারী অমিতকে গ্রেফতার করা হয়েছে।
