চট্টগ্রামের মিরসরাই উপজেলায় লোকালয় থেকে উদ্ধার হওয়া চিত্রা হরিণ অবমুক্ত করা হয়েছে। উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের চুনমিঝিরটেক এলাকার চরাঞ্চল থেকে হরিণটি উদ্ধার করা হয়। গত শুক্রবার বিকালে হরিণটি উদ্ধারের পর রাতে বঙ্গোপসাগরের উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, খাদ্য ও পানির সন্ধানে আবাসস্থল থেকে চিত্রা হরিণটি ইছাখালীর চুনিমিঝিরটেক এলাকায় পানি খেতে আসে। এসময় এলাকাবাসী হরিণটিকে দেখতে পেয়ে থানায় খবর পৌঁছালে পুলিশ হরিণটি উদ্ধার করে। রাতে স্থানীয়দের নিয়ে উপকূলীয় সংরক্ষিত গহীন বনাঞ্চলে হরিণটিকে অবমুক্ত করা হয়। এ ব্যাপারে বামনসুন্দর বনবিট কর্মকর্তা মাহমুদ হাসান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে ঘটনাস্থলে যাওয়ার পূর্বে থানা পুলিশ ও এলাকাবাসী হরিণটিকে উপকূলীয় সংরক্ষিত বনে অবমুক্ত করেছেন বলে তিনি জানান।
