সীতাকুণ্ডের সোনাইছড়িস্থ মডার্ন ব্রিকস ইন্ড্রাস্ট্রিজ কর্তৃক অবৈধভাবে পাহাড় কাটার সময় পাহাড় ধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ঘোড়ামরা এলাকার মানুষ গতকাল রবিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সচেতন এলাকাবাসীর ব্যানারে গতকাল সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় মেম্বার জাহাঙ্গীর আলম বাবুল, হেলাল, আজাদ, জাফর আহম্মদ প্রমুখ। বক্তারা বলেন, মডার্ন ব্রিকস থেকে মাসোহারা খাওয়া দালালদের মুখোশ উন্মোচন করতে হবে। এসময় মডার্ন ব্রিকসের মালিক হাজী কালাম, জামাল, আমান উল্লাহ ও জিয়াউল হকের শাস্তি দাবী করেন তারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সোনাইছড়িতে মডার্ন ব্রিকসের ইটভাটার জন্য মাটি কাটার সময় পাহাড় ধসে পড়ে এক রোহিঙ্গা শ্রমিক মারা যান। আহত হন আরো ৩ রোহিঙ্গা শ্রমিক। এ ঘটনায় পৃথক ৩টি মামলা হয়।
