নিউইয়র্ক টাইমসে খালেদার নিবন্ধ দেশদ্রোহিতামূলক — রাশেদ খান মেনন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, নিউইয়র্ক টাইম বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করে যে নিবন্ধ লিখিছেন তা সম্পূর্ণ দেশদ্রোহিতামূলক। যা ক্ষমার যোগ্য নয়। বাংলাদেশ যুব মৈত্রী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শনিবার বিকালে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে যুব ও গণ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন এ কথা বলেন। তিনি বলেন, ৭১ সালে পাকিস্তানীরা দেশের মানুষকে হত্যা করেছে, মা-বোনদের নির্যাতন করেছে। তখন এদেশের কিছু রাজাকার ও জামায়াত-শিবির তাদের সহযোগিতা করেছিল। সেই সকল যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠিত হয়ে বিচার কাজ চলছে। কুখ্যাত রাজাকার আবুল কালাম আযাদ বাচ্চুর ফাঁসির রায় হয়েছে। অন্য যুদ্ধাপরাধীদেরও একই শাস্তি হবে। ৭১এর পরাজিত শক্র জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা আন্দোলনের নামে গাড়ি পোড়াচ্ছে, মানুষ হত্যা করছে, পুলিশের উপর আক্রমণ করছে। আর বেগম খালেদা জিয়া তাদের সহযোগিতা ও সমর্থন করছে। কোন কিছুই করেই যুদ্ধাপরাধীদের রক্ষা করা যাবে না। বিশ্ব ব্যাংকের অর্থ না নেয়ার জন্য সরকারের সাধুবাদ জানিয়ে রাশেদ খান মেনন বলেন, জনগণের অর্থেই পদ্মা সেতু নির্মিত হবে। বাংলাদেশ যুব মৈত্রী রাজবাড়ী শাখার সভাপতি বিপ্লব রায়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলী শুভেচ্ছা বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সম্পাদক কমঃ জ্যোতি শংকর ঝন্টু, বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তফা আলমগীর রতন প্রমুখ।