কক্সবাজার শহর সংলগ্ন বাঁকখালী নদীর দুই তীরে ১১ কিলোমিটার নতুন বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে শহরের গোদারপাড়া মসজিদ হতে চান্দেরপাড়া রাবারড্যাম পর্যন্ত ৫ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধটি কক্সবাজার শহর রক্ষা বাঁধ হিসাবেও কাজ করবে। অপর বেড়িবাঁধটি কক্সবাজার শহরের ওপারে খুরুস্কুল ইউনিয়নের কুলিয়াপাড়া রাস্তার মাথা হতে বাংলাবাজার পর্যন্ত ৩টি ইউনিয়নে বিস্তৃত। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় ২ কোটি টাকা ব্যয়ে বাঁধ দুটি নির্মাণ করছে।
কক্সবাজার পাউবো’র পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাইনউদ্দিন জানান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আওতাধীন জলবায়ু তহবিলের অর্থায়নে স্বল্পব্যয়ে বাঁধ দু’টি নির্মাণ করা হচ্ছে। তবে জমি অধিগ্রহণের কোন বরাদ্দ না থাকায় জনগণ বাঁধের জন্য জমি ছেড়ে না দিলে বাঁধ নির্মাণ বিঘ্নিত হতে পারে বলে আশংকা করেন তিনি। প্রকাশ, বাঁধ দু’টি নির্মিত হলে কক্সবাজার শহর, ঝিলংজা, পিএমখালী ও খুরুস্কুল ইউনিয়নের লক্ষাধিক মানুষ বর্ষাকালে পাহাড়ী ঢল ও সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাবে।
বাঁধ দু’টির ঠিকাদার যথাক্রমে হেলালউদ্দিন ও এমডি আনিস জানান, ৮ ফুট উঁচু ও ১৪ ফুট প্রশস্ত এ বাঁধের অধিকাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে মাটির এ বাঁধকে টেকসই করতে হলে ঝুঁকিপূর্ণ অংশে ব্লক স্থাপন ও পর্যাপ্ত স্পার নির্মাণ করতে হবে।
