জেলা ইউনিট কমান্ডের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটা পূরণ করা হচ্ছে না

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
সরকার এবং সুপ্রিম কোর্টের সুস্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পূরণ করছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ সম্পর্কে বিস্তারিত অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল পদে নিয়োগের ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পূরণের কথা উল্লেখ থাকলেও কর্তৃপক্ষ তা অমান্য করে চলেছে। গত চার বছরে বিশ্ববিদ্যালয়ের ৪১টি বিভাগ ও চারটি ইনস্টিটিউটের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে ২০৪ পদের বিপরীতে ৩২৯ জনকে শিক্ষক নিয়োগ দেয়া হলেও মুক্তিযোদ্ধা কোটা মানা হয়নি। বিশ্ববিদ্যালয়ের এই নীতিকে চ্যালেঞ্জ ২০১০ সালে ড. রওশন জামির নামের একজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট (২০৮৩/২০১০) মামলা দায়ের করেন। ২০১০ সালের ১৪ ডিসেম্বর উক্ত রিটের শুনানী শেষে প্রদত্ত রায়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ড. রওশন জামিরকে রসায়ন বিভাগে শিক্ষক হিসেবে ৬০ দিনের মধ্যে নিয়োগ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের উক্ত রায়ের বিরুদ্ধে আপিল করেন। শুনানী শেষে বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের ফুলবেঞ্চে আপিল খারিজ হয়ে যায়। অর্থাত্ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ হাইকোর্ট বিভাগের রায় বহাল রাখেন। কিন্তু আজও ড. রওশন জামিরকে রসায়ন বিভাগের প্রভাষক পদে নিয়োগ প্রদান করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ডার সাইদুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।