আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপির নেতাদের কর্মকাণ্ডে প্রমাণিত হয় যে, তাদের মধ্যে বিভক্তি স্পষ্ট। দলটির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র।’ গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্য জাতীয় সংসদে যোগদান করেছেন। কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে যোগদান করেননি। এটাই প্রমাণ করে বিএনপির ভাঙন অনেকটাই নিশ্চিত। তিনি বলেন, মির্জা ফখরুল তার শপথ না নেওয়াকে রাজনৈতিক কৌশল বলে দাবি করেছেন। কিন্তু আমি বলব, এটা তার রাজনৈতিক কৌশল নয়, এটা তাদের অপকৌশল। হানিফ আরো বলেন, বিএনপি মহাসচিব এ ধরনের অপকৌশল অবলম্বন করে দলটির ভাঙন ঠেকিয়ে রাখতে পারবেন না। জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
