রামগতিতে জামায়াত ও বিএনপির দু’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪০
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিভিন্ন পর্যায়ে জামায়াত-শিবির ও বিএনপির দুশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা দিয়েছে। বৃহস্পতিবার হরতালের সময় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, তিন পুলিশকে আহত করা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন বাদী হয়ে ওই মামলা করেন। এর আগে উপজেলার রামগতির হাট এলাকায় ঘটনাস্থল থেকে ছাত্রশিবিরের রামগতি উপজেলার দক্ষিণ অঞ্চলের সভাপতি মো. রাশেদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলা জামায়াত আমির মো. হাফেজ আহমদ বলেন, পুলিশের দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। বৃহস্পতিবার হরতালের সময় রামগতির হাটে কোন প্রকার ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, রাজনৈতিক হয়রানির জন্যই মামলাটি করা হয়েছে।