শেয়ারবাজারে আসছে প্রণোদনা স্কিমের আদায়কৃত ৮৫৬ কোটি টাকা

আপডেট : ০৩ মে ২০১৯, ০০:২৫

শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে প্রণোদনা স্কিমের আওতায় আদায়কৃত (সুদ ও আসল) ৮৫৬ কোটি টাকা পুনঃব্যবহারের অর্থাত্ শেয়ারবাজারে আবার বিনিয়োগের সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। গতকাল বৃহস্পতিবার অর্থ বিভাগ এই সম্মতি দিয়েছে। প্রণোদনা স্কিমের আওতায় ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে সহজ শর্তে আইসিবির মাধ্যমে বিতরণকৃত ঋণের ৮৫৬ কোটি টাকা আদায় হয়েছে। সে অর্থ পুনরায় বিনিয়োগের সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। শেয়ারবাজারের লেনদেনে নিম্নগতির ধারা প্রতিরোধে এই সম্মতি দেওয়া হয়েছে। এদিকে প্রণোদনা স্কিমের আদায়কৃত অর্থ পুনঃব্যবহারের পাশাপাশি মেয়াদ বাড়ানো হয়েছে। এই মেয়াদ ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পরিবর্তে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে বিতরণকৃত ঋণ পরিশোধের মেয়াদ ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।